অনলাইন ডেস্ক।।

ঝোড়ো বাতাসের কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টার দিকে পদ্মা নদীর পানি শান্ত হওয়ার পর ফেরিগুলো ঘাট ছেড়ে যেতে শুরু করে। এর আগে রাত সোয়া ৭টার দিকে হঠাৎ ঝোড়ো বাতাসে নদী উত্তাল হওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় দৌলতদিয়া প্রান্তে কিছু যানবাহন নদী পারের জন্য অপেক্ষা করতে বাধ্য হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নূর মোহাম্মদ ভূঁইয়া জানান, আবহাওয়া পরিস্থিতি উন্নতির কারণে রাত ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে ছোট-বড় ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে এবং দৌলতদিয়া প্রান্তে কোনো বড় যানজট নেই।