দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
সরকারি নির্দেশনা থাকলেও দর্শনা শহরে সন্ধ্যা সাতটার পরও নির্বিঘ্নে চলেছে দোকানপাটের বেচাকেনা। রেলবাজার, পুরাতন বাজার ও বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় সময়সীমা অমান্যের দৃশ্য ছিল চোখে পড়ার মতো। প্রশাসনের নির্দেশ যেন অনেক ব্যবসায়ীর কাছে কেবল কাগুজে ঘোষণাতেই সীমাবদ্ধ রয়েছে।

দর্শনা পৌর শহরের একাধিক এলাকা ঘুরে দেখা গেছে, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অনেক দোকান পুরোপুরি খোলা। কোথাও শাটার আধখোলা রেখে, আবার কোথাও প্রকাশ্যেই চলছে ব্যবসা। বিশেষ করে দর্শনা রেলবাজারের বেশিরভাগ দোকানেই নির্দেশনার কোনো তোয়াক্কা নেই। অনেকেই সরাসরি অজ্ঞতার অজুহাত দিয়েছেন, আবার কেউ প্রশাসনের উপস্থিতি না থাকার সুযোগ নিয়েছেন।

সন্ধ্যা সাতটার সময়সীমা বাড়ানো হলেও তা কার্যত কোনো প্রভাব ফেলতে পারেনি। বরং ব্যবসায়ীদের একটি অংশ সময় আরও বাড়ানোর দাবিতে সরব হয়েছেন। তাদের এই দাবির আড়ালে নির্দেশনা অমান্যের প্রবণতাই স্পষ্ট হয়ে উঠেছে। রাত সাতটার পর দর্শনা রেলবাজার এলাকায় গিয়ে দেখা যায়, বেশ কিছু দোকান ও শোরুম খোলা রয়েছে, ভেতরে জ্বলছে আলো। এ বিষয়ে জানতে চাইলে দোকান মালিক বা কর্মচারীরা স্পষ্ট কোনো উত্তর দেননি।

দর্শনার বিভিন্ন স্থানে কাপড়, জুতা, কসমেটিকস, বই, ব্যাটারি ও ইলেকট্রনিকসের দোকান খোলা থাকতে দেখা যায়। সামগ্রিকভাবে নির্দেশনা মানার চেয়ে অমান্যের চিত্রই ছিল প্রকট।

আবু হানিফ নামের এক বিক্রেতা বলেন, ব্যবসার স্বার্থে তারা বাধ্য হয়ে দোকান খোলা রাখছেন। তাদের দাবি, দিনের বেলায় গরমের কারণে ক্রেতা কম থাকায় সন্ধ্যার পরই মূল বেচাকেনা হয়। তবে দেশের সার্বিক পরিস্থিতি ও বিদ্যুৎ সাশ্রয়ের গুরুত্ব বিবেচনায় নেওয়ার বিষয়ে তাদের মধ্যে অনীহা লক্ষ্য করা গেছে।

দর্শনা রেল বাজারের দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতন জানান, স্থানীয়ভাবে সরকারের সিদ্ধান্ত জানিয়ে মাইকিং করা হয়েছে। তিনি বলেন, আমরা সরকারের সিদ্ধান্তের সাথে একমত পোষণ করছি এবং ব্যবসায়ীদের তা মেনে চলতে অনুরোধ করেছি।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা সাতটার মধ্যে দোকানপাট বন্ধ রাখার কথা থাকলেও তা বাস্তবে পুরোপুরি কার্যকর হয়নি । বিষয়টি নিয়ে প্রশাসন অচিরেই কঠোর অবস্থানে যাচ্ছে বলে তিনি ইঙ্গিত দেন।

এদিকে শুধু মৌখিক সতর্কতায় সীমাবদ্ধ থাকায় অনেকেই এটিকে দুর্বল পদক্ষেপ হিসেবে দেখছেন। সচেতন মহলের অভিযোগ, প্রশাসনের এমন নমনীয় অবস্থান ব্যবসায়ীদের আরও উৎসাহিত করছে।

প্রশাসন জানিয়েছে, আগামীতে নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে মাঠপর্যায়ের বাস্তবতা বলছে, এখনো পর্যন্ত সেই কঠোরতার প্রতিফলন দেখা যায়নি।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো: উবায়দুর রহমান সাহেল দামুড়হুদা ইউনো ফেসবুকে পেজ থেকে জানান , বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী শপিংমল, মার্কেট ও সকল দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখতে হবে। একইসাথে মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করার অনুরোধ জানানো হয়েছে। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।।