দৈনিক পদ্মা সংবাদ অনলাইন ডেস্ক।।
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্ত দুই ব্যক্তিকে বাংলাদেশে হস্তান্তরে সবুজ সংকেত দিয়েছে ভারত। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
নয়াদিল্লিতে তিন দিনের সরকারি সফরে গিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং জ্বালানি মন্ত্রী হরদীপ পুরীর সঙ্গে আলাদা বৈঠকে মিলিত হন। এসব বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ সঙ্গে ছিলেন।
এর আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করেন বাংলাদেশের প্রতিনিধিদল।
বৈঠকে ওসমান হাদির সন্দেহভাজন খুনিদের আটক করায় ভারত সরকারকে ধন্যবাদ জানান ড. খলিলুর রহমান। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় আইনি প্রক্রিয়া মেনে তাদের ফেরত পাঠাতে উভয়পক্ষ সম্মত হয়েছে বলে জানানো হয়।
একই বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর দাবি পুনরায় তুলে ধরে বাংলাদেশ।
দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে ড. খলিলুর রহমান বলেন, ভবিষ্যতে বিএনপি নেতৃত্বাধীন সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।
আলোচনায় আরও উঠে আসে ভিসা ইস্যু — জয়শঙ্কর জানান, বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা প্রদানের প্রক্রিয়া শিগগিরই সহজ করা হবে। পাশাপাশি ভারত থেকে ডিজেল আমদানি বাড়ানোর অনুরোধ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, যার ইতিবাচক বিবেচনার আশ্বাস দেন মন্ত্রী হরদীপ পুরী।
পররাষ্ট্রমন্ত্রী আগামী ৯ এপ্রিল দিল্লি থেকে মরিশাসের উদ্দেশে রওনা হবেন বলে জানা গেছে।