মেহেরপুর সংবাদদাতা:
মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে ২৪ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে ১ হাজার ১০০ মিটার জিয়া খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকাল সাড়ে চারটার দিকে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রধান অতিথি হিসেবে মাটি কেটে খাল খননের উদ্বোধন করেন। এরপর তিনি খালপাড়ে একটি গাছের চারা রোপণ করেন।
পরে বলিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পানিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, খাল খননের মাধ্যমে কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে এবং খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। তিনি আরও বলেন, বর্ষাকালে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষি উন্নয়নের মাধ্যমে এলাকার অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে।
মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজ উদ্দিন আহমেদ, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান এবং মেহেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাইম কামাল খান।
এ ছাড়া উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী শাজাহান সিরাজ, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহিদুল ইসলামসহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।