অনলাইন ডেস্ক।।
সাতক্ষীরায় কৃত্রিম সংকট তৈরি করে জনদুর্ভোগ সৃষ্টির অপচেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে যৌথ বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (১২ এপ্রিল) এক ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত করা ডিজেলসহ ধরা পড়েছেন কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফেরদৌস।

রোববার বেলা ১২টা থেকে ৩টা পর্যন্ত সাতক্ষীরা জেলা ডিজিএফআইয়ের গো‌য়েন্দা তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মৌতলা ইউপি চেয়ারম্যান মো. ফেরদাউস মোড়লের নিজ বাসভবন ও ব্যক্তিগত গোডাউনে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা ৬ ব্যারেল ডিজেল ১২০০ লিটার তেল জব্দ করা হয়।

সাতক্ষীরা সেনাবাহিনীর তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। সেনা ও র‌্যাব সদস‌্যর একটি চৌকস দলের সঙ্গে অভিযানে সক্রিয় ভূমিকা পালন করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার তোফাজ্জল।

অভিযানে‌ উপস্থিত হন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইস্তিয়াক আহমেদ অপু। তিনি তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অবৈধ ১২০০ লিটার ডি‌জেল মজুদের দায়ে অভিযুক্ত চেয়ারম্যান ফেরদাউস মোড়লকে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এসময় ১৬‌টি খা‌লি ব‌্যা‌রেল উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মজুদ করে বাজারে অস্থিরতা তৈরি করছিল। একজন জন প্রতিনিধির হেফাজত থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ এই ‘হার্ডহিটিং’ অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং অসাধু ব্যবসায়ীদের দমনে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি তুলেছেন।

যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।