নিজস্ব প্রতিবেদক।।
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ভারতে পাচারের সময় অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা। আজ সোমবার সকাল ৯টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৬টার দিকে দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় অবস্থান নেয় বিজিবি। এ সময় এক ব্যক্তি ভারতের দিকে যাওয়ার চেষ্টা করলে তাকে থামার সংকেত দেওয়া হয়। সংকেত অমান্য করে দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশিতে উদ্ধার হয় ১০টি স্বর্ণের বার।
আটককৃত ব্যক্তি আলমগীর খান (৫৫), দর্শনা মোবারকপাড়ার মৃত বাদল খানের ছেলে। তার বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান। জব্দকৃত স্বর্ণের বার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।