নবীনগর প্রতিনিধি।।
নিম্নমানের কাজ দেখতে গিয়েছিলেন, ফিরতে হলো দৌড়ে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মির্জা মো. তরিকুল ইসলামকে বাঁশ নিয়ে তাড়া করেছেন ঠিকাদার ও তার লোকজন। সোমবার দুপুরে উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, শিবপুর থেকে মেরকুটা পর্যন্ত সড়কে রিটেইনিং ওয়াল নির্মাণের কাজ পেয়েছে মেসার্স লোকমান এন্টারপ্রাইজ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে কাজ তদারকিতে ঘটনাস্থলে যান প্রকৌশলী তরিকুল। সেখানে গিয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহারের সত্যতা পেয়ে প্রশ্ন তুললে কথা কাটাকাটির একপর্যায়ে মেজাজ হারিয়ে ঠিকাদার লোকমান হোসেন ও তার লোকজন বাঁশ নিয়ে তেড়ে আসেন।
প্রকৌশলী তরিকুল বলেন, কোনোরকমে দৌড়ে গিয়ে প্রাণে রক্ষা পেয়েছি। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
নবীনগর ইউএনও মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে সেখানে পাওয়া যায়নি। বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এদিকে অভিযুক্ত ঠিকাদার লোকমান হোসেনের ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে।