যশোর সংবাদদাতা।।

যশোরের চৌগাছায় ভয়াবহ বজ্রপাতে একটি বিশাল কড়াই গাছের মাথা থেকে গোড়া পর্যন্ত দুইখন্ড হয়ে গেছে। শুধু তাই না গাছের বিভিন্ন অংশ খন্ড খন্ড হয়ে ছিটকে পড়েছে বহুদুর পর্যন্ত। তবে এই বজ্রপাতে কোন হতাতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে চৌগাছার জগদীশপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামে এই বজ্রপাতের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে বারটার পরপরই চৌগাছার আকাশ কলোমেঘে ঢেকে যায়। এর কিছু পরই শুরু হয় বজ্রবৃষ্টি। বিদ্যুৎ চমকানোর সাথে সাথে বিকট শব্দে বজ্রপাত ঘটতে থাকে। তবে বজ্রপাতে উপজেলার আর কোথাও থেকে কোন খবর পাওয়া না গেলেও আড়কান্দি গ্রাম হতে খবর আসে ভয়াবহ বজ্রপাতে একটি বড় কড়াই গাছ দুই খন্ড হয়ে গেছে।

সরেজমিনে দেখা গেছে, গাছটি কমপক্ষে ১২০ ফুট হতে দেড়শ ফুট উচু। এই গাছের মগডালে ঘটেছে বজ্রপাত আর গোড়া পর্যন্ত ফেটে দুই খন্ড হয়ে গেছে। গাছটির উপর যখন বজ্রপাত ঘটেছে তখন এর কান্ড হতে গাছের অংশ (চলা সাদৃশ্য) বহুদুরে যেয়ে পড়েছে। উৎসুক জনতা বজ্রপাতের ঘটনাটি দেখার জন্য সেখানে ভিড় করছেন। বয়োবৃদ্ধ আনছার আলী বলেন, আমার বয়স ৬৫ হবে কিন্তু এই বয়সে আমি কখনও এমন বজ্রপাত দেখেনি। গৃহীনি সালমা খাতুন বলেন, এই মহল্লায় আমার বাড়ি বৃষ্টির সাথে বিকট শব্দে আমরা আতংকিত হয়ে পড়ি, বাড়ির গবাদি পশু, হাঁস মুরগী এদিক ও দিক ছুটাছুটি করতে থাকে। বৃষ্টি থামার পর দেখতে পাই কড়াই গাছটি ফেটে দুই খন্ড হয়ে গেছে।

কড়াই গাছের মালিক আব্দুর রাজ্জাক বলেন, বসত বাড়ির অদুরে কড়াই গাছটি। বাসাতে আমার ৮ বছরের ভাইপো ছাড়া কেউ ছিলনা। সে জানালার ধারে বসে বৃষ্টি দেখছিল। এই সময়ে ঘটে বজ্রপাত, সে জ্ঞান হারিয়ে ফেলে। আমরা দ্রুতই বাসাতে ফিরে তাকে সুস্থ্য করে তুলি এরপর থেকে শুধুই কাঁদছে চরম ভাবে ভয় পেয়ে গেছে। কড়াই গাছটি যে ভাবে দুইখন্ড হয়েছে তাতে সকলেই হতবাক। খবর ছড়িয়ে পড়লে নিজ গ্রাম ছাড়াও বিভিন্ন এলাকা হতে এটি দেখতে মানুষ ভিড় করছেন।