ঝিনাইদহ প্রতিনিধি।।

ঝিনাইদহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই কিশোর মোটরসাইকেল আরোহীর প্রাণহানি ঘটেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুই কিশোরের নাম আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭)। তারা উভয়ই সদর উপজেলার বিজয়পুর গ্রামের বাসিন্দা। আরিফ হোসেন একই গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সোহান আহমেদ শিপন আহমেদের ছেলে।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশের এসআই জাহানুর আলি জানান, আরিফ ও সোহান মোটরসাইকেলে করে তেল সংগ্রহের জন্য ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিল। পথে পাঁচমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্র গাড়ির সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ধাক্কায় দুজনই রাস্তায় ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা বালিবোঝাই একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও আরাপপুর হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতদের পরিবার ও বিজয়পুর গ্রামে শোকের ছায়া নেমে আসে। একই গ্রামের দুই কিশোরের এভাবে একসঙ্গে প্রাণ হারানোর ঘটনায় এলাকাজুড়ে তীব্র বেদনার পরিবেশ বিরাজ করছে।।