মেহেরপুর প্রতিনিধি।।
সাংবাদিকতা পেশায় শৃঙ্খলা আনতে শিক্ষাগত যোগ্যতাভিত্তিক নীতিমালা প্রণয়নের পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি বলেন, অযোগ্য ব্যক্তিদের সাংবাদিকতায় প্রবেশ ঠেকাতে দ্রুত একটি কার্যকর নীতিকাঠামো তৈরির দিকে এগোচ্ছে সরকার।
বুধবার দুপুরে মেহেরপুর জেলা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিচারপতি হাকিম বলেন, চিকিৎসক হতে হলে যেমন বিএমডিসির নিবন্ধন এবং আইনজীবী হতে হলে যেমন বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, সাংবাদিকতাতেও একই ধরনের নিয়মকানুন থাকা জরুরি। অথচ বর্তমানে কলম, ক্যামেরা বা মোবাইল ফোন হাতে নিলেই যে কেউ সাংবাদিক পরিচয় দিতে পারছেন এই অবস্থা পেশাটিকে ক্ষতিগ্রস্ত করছে এবং সমাজে অপসাংবাদিকতার বিস্তার ঘটাচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, সাংবাদিকরা মূলত শ্রমিক শ্রেণির অন্তর্ভুক্ত। ফলে নিজেদের অধিকার আদায়ে তাদের শ্রম আইন সম্পর্কে সচেতন হতে হবে। পাশাপাশি নিবন্ধিত শ্রমিক ইউনিয়ন গঠনও অপরিহার্য। নিবন্ধন ছাড়া সংগঠিতভাবে দাবি আদায় সম্ভব নয় বলেও তিনি মত দেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) আবদুস সবুর এবং স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মাসুদ।
জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রায় ৪০ জন সাংবাদিক এই কর্মশালায় অংশগ্রহণ করেন।।