ঝিনাইদহ প্রতিনিধি।।

ঝিনাইদহ জেলার সার্বিক উন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে কাজ শুরু করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো. নোমান হোসেন। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ে বসেন এবং একগুচ্ছ সংস্কারমূলক পরিকল্পনার কথা তুলে ধরেন।

বুধবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিক, সাংবাদিক এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। সভায় জেলা প্রশাসক জানান, মাদক সমস্যা দমনে কোনো ছাড় দেওয়া হবে না। যত প্রভাবশালীই হোক না কেন, মাদকের সঙ্গে সংশ্লিষ্ট যে কাউকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

শহরের অবকাঠামো পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল করার বিষয়ে তিনি জানান, পায়রা চত্বর, আরাপপুর, হামদহ, মডার্ন মোড়, ট্রাক ও বাস টার্মিনাল, শহীদ মিনার এলাকা, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এবং ‘ট’ বাজারসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো পর্যায়ক্রমে অবৈধ দখলমুক্ত করা হবে। একই সঙ্গে নারী ও পুরুষ উভয়ের জন্য প্রয়োজনীয় স্থানে গণশৌচাগার নির্মাণের উদ্যোগও নেওয়া হবে বলে তিনি জানান।

সরকারি প্রতিষ্ঠানে দালালচক্র ও দুর্নীতি রোধেও কড়া পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন জেলা প্রশাসক। আদালত প্রাঙ্গণ, সদর হাসপাতাল, পাসপোর্ট অফিস, বিআরটিএ, ভূমি অফিস এবং সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অনিয়ম বন্ধে বিশেষ নজরদারি রাখা হবে।

এর বাইরে কৃষিজমির মাটি কেটে শ্রেণি পরিবর্তন রোধ, ইটভাটায় অবৈধ মাটি বিক্রি বন্ধ, সরকারি গাছ কাটা প্রতিরোধ এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও গতিশীল করার পরিকল্পনার কথাও জানান তিনি। জেলার সামগ্রিক পরিবর্তনে সমাজের সব স্তরের মানুষের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেন নোমান হোসেন।

স্থানীয় সচেতন মহলের ধারণা, এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে ঝিনাইদহ ধীরে ধীরে একটি পরিকল্পিত ও আধুনিক জেলা শহরের চেহারা পাবে।