চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিতরণ করা চালে পোকা পাওয়ার অভিযোগ তুলেছেন উপকারভোগীরা। শুধু কুড়ালগাছি ইউনিয়নেই নয়, দর্শনা পৌরসভায়ও একই ধরনের অভিযোগ তুলেছেন কার্ডধারী ভুক্তভোগীরা।

গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সীমান্তবর্তী কুড়ালগাছি ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণের সময় বেশ কয়েকজন কার্ডধারী জানান, তাদের দেওয়া চাল নিম্নমানের এবং চালে ছোট ছোট পোকা পাওয়া যাচ্ছে। চাল ধোয়ার সময়ই পোকা ভেসে ওঠে বলে জানান ভুক্তভোগীরা, যা সম্পূর্ণ ব্যবহার অনুপযোগী বলে তারা দাবি করেন।

স্বল্পমূল্যে চাল পেতে টিসিবির ওপর নির্ভরশীল নিম্নআয়ের এই মানুষগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।

কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, টিসিবির পণ্য বিতরণের সঙ্গে ইউনিয়ন পরিষদের সরাসরি সম্পৃক্ততা নেই, বিষয়টি ডিলার দেখভাল করেন। সংশ্লিষ্ট ডিলারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উবাইদুর রহমান সাহেল বলেন,সরকারি খাদ্য গুদামের চাল পোকাযুক্ত হওয়ার কথা নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।।