অনলাইন ডেস্ক :
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সোমবার যশোর জেলা সফরে যাচ্ছেন। তার এ সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং একটি বড় জনসভায় অংশগ্রহণের কর্মসূচি রয়েছে।
রোববার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী, সোমবার সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে আকাশপথে যশোর বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।
যশোরে পৌঁছে প্রথমেই শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই স্থানে আয়োজিত একটি পথসভা বা সুধী সমাবেশেও অংশ নেবেন তিনি।
এরপর শার্শা থেকে যশোর সার্কিট হাউসে ফিরে স্বল্প সময়ের জন্য বিশ্রাম নেবেন। বিকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

আরও পড়ুন :নির্বাচনকে ঘিরে বিতর্ক: বস্তিতে অর্থ দেওয়ার অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি এবং রাতে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম যশোর সফর। এছাড়া গত তিন মাসের মধ্যে এটি তার দ্বিতীয় সফর। এর আগে গত ২ ফেব্রুয়ারি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে একটি বড় নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন তিনি।