কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের পর রোববার দুপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে কোতোয়ালি এলাকায়। শতাধিক নেতাকর্মী কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেন এবং পরিবহন শ্রমিকরা শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করে বসেন। এতে ওই টার্মিনাল থেকে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২টার দিকে শাসনগাছা এলাকার নিজ বাড়ি থেকে রেজাউল কাইয়ুমকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে, শাসনগাছা বাস টার্মিনালে চাঁদাবাজি নিয়ন্ত্রণ-সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে এই আটক। তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
আটকের খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী ও পরিবহন শ্রমিকদের মধ্যে ক্ষোভ দানা বাঁধে। বিক্ষোভকারীরা থানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে থানার বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে রেজাউল কাইয়ুমকে থানায় আনা হয়েছে। এখনো তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, নির্দিষ্ট কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়েছে। তদন্তের গতিপ্রকৃতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান জানান, কোন অভিযোগে তাঁকে আটক করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি জানতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
এদিকে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধের কারণে দূরপাল্লা ও আঞ্চলিক রুটে যাতায়াত বিঘ্নিত হয়। গুরুত্বপূর্ণ এই টার্মিনালে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।