অনলাইন ডেস্ক :
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনায় স্ত্রী ও তিন সন্তানসহ একই পরিবারের পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) ভোররাতে উপজেলার রাউৎকোনা গ্রামে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকেই পরিবারের গৃহকর্তা ফোরকান মিয়া নিখোঁজ রয়েছেন।
নিহতদের মধ্যে রয়েছেন ফোরকান মিয়ার স্ত্রী শারমিন এবং তাদের তিন সন্তান মীম, মারিয়া ও ফারিয়া। এছাড়া নিহত অপর এক ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থেকে পরিবার নিয়ে বসবাস করতেন ফোরকান মিয়া। শুক্রবার রাত পর্যন্ত পরিবারটির সব সদস্য স্বাভাবিক ছিলেন। তবে শনিবার সকালে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় পাঁচজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘরের মেঝেতে তিন শিশু, এক নারী ও এক যুবকের মরদেহ পড়ে ছিল। নিহতদের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন।
স্থানীয়দের দাবি, ফোরকান মিয়া ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। সেই বিরোধ থেকেই এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গাজীপুর জেলার পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন জানান, “একই পরিবারের পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকেই গৃহকর্তা ফোরকান মিয়া পলাতক রয়েছেন। তাকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, হত্যার প্রকৃত কারণ উদঘাটন ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।