মেহেরপুর সংবাদদাতা ।।

মেহেরপুরের বারাদীতে নির্মাণাধীন বিএডিসির ৪ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন সার গুদামের মেঝের সোলিং ও সীমানা প্রাচীর নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগের পর শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান জামায়াত নেতৃবৃন্দ। পরে সাময়িকভাবে নির্মাণকাজ বন্ধ রাখা হয়।

জানা যায়, সার গুদামের সোলিং ও সীমানা প্রাচীর নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ পান মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজ উদ্দীন খান। তার নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা জামায়াতের সেক্রেটারি জাব্বারুল ইসলামসহ একটি প্রতিনিধি দল।

পরিদর্শন শেষে জাব্বারুল ইসলাম বলেন, “অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এখানে প্রায় ৮০ শতাংশ কাজ তিন নম্বর ইট দিয়ে করা হচ্ছে। অথচ সিডিউল অনুযায়ী এক নম্বর ইট ব্যবহারের কথা।”

তিনি আরও বলেন, এ বিষয়ে ঠিকাদারের কাছে জানতে চাওয়া হলে তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি।

পরে তদারকির দায়িত্বে থাকা বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী একরামুল হককে ফোনে বিষয়টি জানানো হয়। তিনি বলেন, “আমি সপ্তাহে তিন থেকে চার দিন পরিদর্শনে যাই। গত বৃহস্পতিবার সর্বশেষ পরিদর্শন করেছি। সিডিউল অনুযায়ী এক নম্বর ইট ব্যবহারের কথা এবং আমরা সেটিই দেখেছি।” উপ-সহকারী প্রকৌশলীর এমন বক্তব্যে হতাশা প্রকাশ করেন স্থানীয় নেতৃবৃন্দ।

উপজেলা জামায়াতের সেক্রেটারি জাব্বারুল ইসলাম বলেন, “সরেজমিনে আমরা তিন নম্বর ইট ব্যবহার হতে দেখেছি। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ থাকবে।”

এসময় উপস্থিত ছিলেন বারাদী ইউনিয়ন জামায়াতের আমির আসাদুজ্জামান, ৪ নম্বর ওয়ার্ড আমির মজিবর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।