দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক :
দেশের বিভিন্ন অঞ্চলে রাতের মধ্যে দমকা ও ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ঢাকাসহ ৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৩টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানান সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা।
সতর্কবার্তায় বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং বর্তমানে একই এলাকায় অবস্থান করছে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আপাতত সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।