ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় এ হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বের হচ্ছিলেন, এ সময় একটি পক্ষ “ভুয়া ভুয়া” স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রথমে বাইরে থেকে একটি বিচ্ছিন্ন গ্রুপ তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।
এনসিপি নেতারা দাবি করেন, ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। এনসিপি নেতা সারজিস আলম ফেসবুক পোস্টে জানান, জুমার নামাজ শেষে ছাত্রদলের সন্ত্রাসীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালায় এবং কয়েকজন রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঘটনার পর শহরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার চেষ্টা করা হচ্ছিল, পুলিশ টের পেয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।