অনলাইন ডেস্ক।।
মুন্সীগঞ্জ সদর উপজেলার পশ্চিম দেওভোগ এলাকায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন শহরের পশ্চিম দেওভোগ এলাকার প্রয়াত মোস্তাকুর রহমানের ছেলে সোপান (২২) এবং তার বন্ধু একই গ্রামের রিপনের ছেলে আজওয়াদ (২২)। তারা দুজনেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতদের বন্ধু মাসুদ জানান, ঢাকা থেকে তারা ১৫ বন্ধু মিলে মুন্সীগঞ্জের পশ্চিম দেওভোগ এলাকায় সোপানের গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল। সবাই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শুক্রবার বিকেলে সোপান ও আজওয়াদ স্থানীয় একটি পুকুরে গোসল করতে নামেন।

তিনি বলেন, ‘একপর্যায়ে তারা দুজনেই গভীর পানিতে তলিয়ে যেতে থাকে। কেউ সাঁতার না জানায় তাৎক্ষণিক তাদের বাঁচাতে পানিতে নামতে পারিনি।’

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ ইউসুফ আলী সরকার বলেন, ‘মৃত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়।’

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এটি দুর্ঘটনা হওয়ায় ওই দুই শিক্ষার্থীর স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের অনুরোধ জানিয়েছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।