আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের কাছে এক বন্দুকধারী গুলি ছুড়েছে। স্থানীয় সময় শনিবার (২৩ মে) সন্ধ্যায় ওই ব্যক্তি গুলি ছুড়লে সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে তার গোলাগুলি শুরু হয়। পরে গুলিতে বন্দুকধারী নিহত হন।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সন্ধ্যা ৬টার কিছু পর, সন্দেহভাজন ব্যক্তি ওয়াশিংটন ডিসির ১৭তম স্ট্রিট এবং পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ের সংযোগস্থলে একটি সিক্রেট সার্ভিস চেকপয়েন্টের কাছে এসে ব্যাগ থেকে একটি অস্ত্র বের করে কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।

প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা ফেডারেল সংস্থা সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, সন্দেহভাজন ব্যক্তি একটি ব্যাগে অস্ত্র লুকিয়ে রেখেছিলেন এবং চেকপয়েন্টে পৌঁছে তা বের করেন।

এ সময় এজেন্টরা পাল্টা গুলি চালালে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তাকে কাছের একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

গুলিবিনিময়ের সময় একজন পথচারী গুলিবিদ্ধ হন। তবে তিনি সন্দেহভাজন বন্দুকধারীর গুলিতে নাকি পরবর্তীতে পাল্টাপাল্টি গুলির সময় আহত হয়েছেন, তা এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

ঘটনার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে অবস্থান করছিলেন। ঘটনার পরপরই হোয়াইট হাউসজুড়ে কঠোর নিরাপত্তা জারি করে লকডাউন ঘোষণা করা হয়। এ ঘটনায় সিক্রেট সার্ভিসের কোনো সদস্য আহত হননি।

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে ট্রাম্পের নিরাপদ থাকার বিষয়টি নিশ্চিত করেন। তবে হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্টের অবস্থা নিয়ে তাৎক্ষণিক কোনো বিবৃতি দেয়া হয়নি।

প্রতিনিধি পরিষদের রিপাবলিকান দলের নেতা স্টিভ স্ক্যালিস এক্সে দেয়া পোস্টে প্রেসিডেন্টের জন্য উদ্বেগ প্রকাশ করে লেখেন, ‘আমরা বিপজ্জনক সময়ে বাস করছি।’

আল জাজিরার সাংবাদিক কিম্বারলি হালকেট ঘটনাস্থল থেকে জানান, হোয়াইট হাউসের নর্থ লনে ৩০টিরও বেশি গুলির শব্দ শোনা গেছে।

প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের লনে অবস্থান করা সাংবাদিকদের দৌড়ে প্রেস ব্রিফিং কক্ষে আশ্রয় নিতে নির্দেশ দেয়া হয়। পুলিশ আশপাশের এলাকায় প্রবেশ বন্ধ করে দেয় এবং ন্যাশনাল গার্ডের সদস্যরা সাংবাদিকদের ঘটনাস্থলের কাছে যেতে বাধা দেন।

আল জাজিরার সাংবাদিক কিম্বারলি হালকেট জানান, সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে সম্প্রতি ওই এলাকা থেকে দূরে থাকার নির্দেশনা জারি করা হয়েছিল, কিন্তু তিনি তা উপেক্ষা করেন। পরে তিনি সেখানে এগিয়ে গেলে গুলি চালানো শুরু করেন এবং তখনই সিক্রেট সার্ভিস পাল্টা গুলি চালায়।
এর আগে গত ২৬ এপ্রিল ওয়াশিংটন ডিসির একটি হোটেলে হোয়াইট হাউসের সাংবাদিকদের নৈশভোজের সময় গুলির ঘটনা ঘটে। এক মাস পার না হতেই নতুন করে এই ঘটনা ঘটল।