অনলাইন ডেস্ক।।
বাগেরহাটের মোরেলগঞ্জে বাকি না দেওয়াকে কেন্দ্র করে মুদি ও বিকাশের দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিকসহ উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন।

শুক্রবার (সম্ভাব্য সময় বেলা ১১টা) উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামের কুচিয়ামরা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম স্টোরের দোকানে একই এলাকার রফিকুল মুন্সীর ছেলে তরিকুল মুন্সী বাকিতে পণ্য নিতে গেলে দোকানদার নাজমুল ইসলাম সিয়াম তা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে তরিকুল মুন্সী ও তার লোকজন দোকানে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় দোকান মালিক মধু হাওলাদার (৪০), তার ছেলে নাজমুল হাসান সিয়াম (২০), স্ত্রী নাজমিন বেগম (৩৬) এবং প্রতিপক্ষের রফিকুল ইসলাম মুন্সী আহত হন।

দোকান মালিক মধু হাওলাদার অভিযোগ করে বলেন, ১০–১৫ জনের একটি দল রফিকুল ইসলাম মুন্সীর নেতৃত্বে দোকানে হামলা চালিয়ে তার ছেলেকে মারধর করে এবং দোকানের মালামাল ও বিকাশের নগদ টাকা নিয়ে যায়। তিনি ঘটনার বিচার দাবি করেন।

অন্যদিকে প্রতিপক্ষের রফিকুল ইসলাম মুন্সী অভিযোগ অস্বীকার করে বলেন, তার ওপর হামলা চালানো হয়েছে এবং তিনি গুরুতর আহত হয়েছেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মাহমুদুর রহমান বলেন, হামলার বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।