অনলাইন ডেস্ক :
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দিবাগত রাতে ৫৮ বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেন।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত প্রায় ৮টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর বিওপির আওতাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫৮ ব্যাটালিয়নের মেদিনীপুর বিজিবির একটি টহলদল। জেসিও-৯৪০৩ নায়েব সুবেদার মো. হারুন অর-রশিদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার-৬৩ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আব্দুল গণির বাঁশবাগানের পাশ থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি সচল ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি। পিস্তলের গায়ে ইংরেজিতে “MADE IN ITALY” লেখা রয়েছে। এছাড়া গুলির পেছনে “KF 7.65” লেখা পাওয়া গেছে। গুলিগুলো ম্যাগাজিনে লোড করা অবস্থায় ছিল বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, “মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে ৫৮ বিজিবি মেদিনীপুর ক্যাম্পের নায়েব সুবেদার হারুন অর-রশিদ বাদী হয়ে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং মালিকবিহীন একটি পিস্তল থানায় জমা দেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।”
সীমান্ত এলাকায় অস্ত্র উদ্ধারকে গুরুত্বের সঙ্গে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধারকৃত অস্ত্রটি কীভাবে সেখানে পৌঁছেছে এবং এর সঙ্গে কোনো চোরাচালান চক্র বা অপরাধী গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র।