দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গার দর্শনায় যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা জেলা যুবদলের নির্বাহী সদস্য রকিবুল হাসান ব্রাইটের নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি দর্শনা রেলইয়ার্ড চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে দর্শনা প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্যে রকিবুল হাসান ব্রাইট বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সৎ সাহস থাকলে প্রকাশ্যে মাঠে এসে দেখাক। যদি কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হয়, তবে তার দাঁতভাঙা জবাব দিতে যুবদল ও ছাত্রদল রাজপথে সর্বদা প্রস্তুত রয়েছে।
মিছিল ও সমাবেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সদস্য মিতুল মিয়া, সুলতান, শাহাবুদ্দিন, পৌর যুবদলের হারেজ উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান মাস্টার, সদস্যসচিব রাশিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়েল ইসলাম লিওন, কলেজ ছাত্রদলের সভাপতি মোফাজ্জল হোসেন মোফা, সাধারণ সম্পাদক পলাশ আহমেদসহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।