আলমডাঙ্গা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা: বহির্বিভাগের টিকিটের মূল্য বেড়ে ১০ টাকা

আলমডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের (আউটডোর) টিকিটের নতুন মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এই টিকিটের মূল্য ছিল ৭ টাকা।
শনিবার (১৭ অক্টোবর) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক পর্যালোচনা ও পরিদর্শন সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম ও আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) ডা. শারমিন আক্তার। এছাড়া চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত বক্তারা আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক চিকিৎসাসেবা পর্যালোচনা করেন এবং সেবার মান আরও বেগবান করার তাগিদ দেন। সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজ, দ্রুত ও সুসংহত করার লক্ষ্যে উপস্থিত সকলের সর্বসম্মত মতামতের ভিত্তিতে টিকিটের মূল্য পুনর্নির্ধারণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।





















