ঈদযাত্রায় ১০ জোড়া স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক।।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে ১০ জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
ঈদযাত্রায় যাত্রী চাপ সামাল দিতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে এসব স্পেশাল ট্রেন চলবে। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম-চাঁদপুর, ঢাকা-দেওয়ানগঞ্জ, ভৈরববাজার-কিশোরগঞ্জ, ময়মনসিংহ-কিশোরগঞ্জ এবং জয়দেবপুর-পার্বতীপুর রুট।
চট্টগ্রাম-চাঁদপুর রুট চাঁদপুর ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম থেকে বেলা ৩টা ৩০ মিনিটে ছেড়ে রাত ৮টা ২০ মিনিটে পৌঁছাবে। বিপরীত দিকের ট্রেন (স্পেশাল-২) চাঁদপুর থেকে বিকেল ৪টায় ছেড়ে পরদিন সকাল ৮টা ৫০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে।
ঢাকা-দেওয়ানগঞ্জ রুট তিস্তা স্পেশাল-৩ ঢাকা থেকে সকাল ৯টা ৩০ মিনিটে ছেড়ে বিকেল ৪টা ১০ মিনিটে দেওয়ানগঞ্জ পৌঁছাবে। স্পেশাল-৪ দেওয়ানগঞ্জ থেকে বিকেল ৪টা ৩০ মিনিটে ছেড়ে রাত ১১টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার : শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ সকাল ৬টায় ভৈরববাজার থেকে ছেড়ে সকাল ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৬ দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে দুপুর ২টায় ভৈরববাজার পৌঁছাবে।
ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ : শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ভোর ৫টা ৪৫ মিনিটে ময়মনসিংহ থেকে ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টা ৩০ মিনিটে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৮ দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে বেলা ৩টায় ময়মনসিংহ পৌঁছাবে।
জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর : পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ জয়দেবপুর থেকে সকাল ৭টায় ছেড়ে দিবাগত রাত ২টায় পার্বতীপুর পৌঁছাবে। পার্বতীপুর ঈদ স্পেশাল-১০ পার্বতীপুর থেকে সকাল সোয়া ৮টায় ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে বেলা ২টা ২০ মিনিটে।
চলাচলের সময়সূচি আগামী ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত চাঁদপুর ঈদ স্পেশাল-১, ২ এবং তিস্তা ঈদ স্পেশাল-৩, ৪ ট্রেন চলবে। ঈদের পর দ্বিতীয় দিন থেকে পরবর্তী ৩ দিন (১ জুন পর্যন্ত) এসব ট্রেন চলবে। তবে যদি ঈদ ২৮ মে হয়, তাহলে ৩০ মে থেকে ঈদের পরের কার্যক্রম শুরু হবে।
পার্বতীপুর ও শোলাকিয়া স্পেশাল ট্রেন : পার্বতীপুর ঈদ স্পেশাল-৯, ১০ ঈদের আগে ২৪ মে থেকে ২৬ মে পর্যন্ত এবং ঈদের পরের দিন থেকে আরো তিন দিন চলবে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৫, ৬, ৭, ৮ শুধুমাত্র ঈদের দিন চলবে।




















