
দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক :
ঈদ কিংবা বড় কোনো উৎসব সামনে এলেই দেশের বিভিন্ন অঞ্চলে এটিএম বুথগুলোতে দেখা দেয় চরম ভোগান্তি। কোথাও “সার্ভার সমস্যার” অজুহাত, কোথাও আবার “ক্যাশ নেই” লেখা নোটিশ ঝুলতে দেখা যায়। ফলে জরুরি মুহূর্তে নিজের জমা টাকা তুলতে গিয়ে দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।
বিশেষ করে ঈদ মৌসুমে মানুষের কেনাকাটা, চিকিৎসা, যাতায়াত ও আত্মীয়-স্বজনদের সঙ্গে উৎসব ভাগাভাগির জন্য নগদ টাকার প্রয়োজন বেড়ে যায়। অথচ ঠিক এই সময়েই অনেক এটিএম বুথ কার্যত অচল হয়ে পড়ে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও টাকা তুলতে না পেরে ক্ষোভ প্রকাশ করছেন গ্রাহকরা।
আরও পড়ুন :দর্শনা মোহাম্মদপুরে মাদকবিরোধী অভিযান সাড়ে ৬ কেজি গাঁজা ও ৫২ বোতল ভারতীয় নেশাজাত ইউনিসেরেক্সসহ আটক ২
ভুক্তভোগীদের অভিযোগ, বছরের অন্যান্য সময়ে স্বাভাবিক থাকলেও ঈদ বা বিশেষ অনুষ্ঠান এলেই অধিকাংশ বুথে দেখা যায় সার্ভার জটিলতা, ধীরগতির নেটওয়ার্ক কিংবা অর্থ সংকট। এতে করে সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করে। অনেকে জরুরি চিকিৎসা, ওষুধ কেনা কিংবা দূরপাল্লার যাত্রার আগে নগদ অর্থ তুলতে না পেরে বিপাকে পড়ছেন।
একাধিক গ্রাহক জানান, এটিএম বুথে টাকা না থাকলে কিংবা সার্ভার বন্ধ থাকলে তাদেরকে এক বুথ থেকে আরেক বুথে ছুটতে হয়। এতে সময় নষ্টের পাশাপাশি বাড়ছে মানসিক চাপও। অনেক এলাকায় রাতে নিরাপত্তা ঝুঁকি নিয়েও টাকা খোঁজার জন্য ঘুরতে দেখা যায় সাধারণ মানুষকে।
সচেতন মহল মনে করছে, উৎসব মৌসুমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর উচিত আগাম প্রস্তুতি গ্রহণ করা এবং পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করা। পাশাপাশি সার্ভার সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তিগত ত্রুটি দ্রুত সমাধানের ব্যবস্থাও জরুরি।
জনসাধারণের প্রশ্ন যখন মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন, তখন যদি নিজের টাকাই সহজে তোলা না যায়, তবে ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সুবিধা কোথায়? ঈদ এলেই কেন এটিএম বুথগুলো অচল হয়ে পড়ে এ প্রশ্নের জবাব এখন জানতে চায় দেশবাসী।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com