ওএমজি ৩ : প্রথমবার একসঙ্গে অক্ষয় কুমার ও রানি মুখার্জি? বলিপাড়ায় জোর গুঞ্জন

বিনোদন ডেস্ক।।
দীর্ঘদিনের বন্ধুত্ব থাকলেও বলিউডের দীর্ঘ অভিনয়জীবনে এই প্রথমবার একসঙ্গে বড় পর্দায় দেখা যেতে পারে অক্ষয় কুমার ও রানি মুখার্জিকে। বলিপাড়ায় জোর গুঞ্জন, নতুন বছরেই আসতে চলেছে অক্ষয়ের জনপ্রিয় ছবি ‘ওএমজি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি—‘ওএমজি ৩’, আর সেখানেই হতে পারে এই দুই তারকার বহু প্রতীক্ষিত যুগলবন্দি।
ইন্ডাস্ট্রির অন্দরে দীর্ঘদিন ধরেই ‘ওএমজি ৩’ নিয়ে নানা জল্পনা চলছিল। তবে সাম্প্রতিক সময়ে রানি মুখার্জির নাম যুক্ত হওয়ায় সেই আলোচনা আরও তীব্র হয়েছে। গুঞ্জন সত্যি হলে, এই ছবির মাধ্যমেই প্রথমবার একসঙ্গে বড় পর্দা ভাগ করবেন বলিউডের দুই হেভিওয়েট তারকা, যা অনুরাগীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে।
উল্লেখ্য, ‘ওএমজি’ (২০১২) এবং ‘ওএমজি ২’ (২০২৩)—দু’টি ছবিই দর্শকমহলে বিপুল প্রশংসা কুড়িয়েছিল। সামাজিক কুসংস্কার, ধর্মীয় বিশ্বাস ও সমসাময়িক প্রশ্নকে কেন্দ্র করে সাহসী বক্তব্যের জন্য এই ফ্র্যাঞ্চাইজির আলাদা পরিচিতি তৈরি হয়েছে। সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতেই নির্মাতারা তৃতীয় কিস্তি নিয়ে বিশেষভাবে আশাবাদী।
সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই ‘ওএমজি ৩’–এর প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে। চলতি বছরের মাঝামাঝি সময় থেকে শুটিং শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রথম দুই ছবির সাফল্যের পর তৃতীয় কিস্তিতে কোনও ধরনের আপস করতে নারাজ অক্ষয় কুমার নিজেও।
নতুন বছরের শুরুতেই এমন খবরে দর্শকদের প্রত্যাশা আরও বেড়েছে। সত্যিই যদি অক্ষয় কুমার ও রানি মুখার্জির প্রথম জুটি হিসেবে ‘ওএমজি ৩’ বাস্তবায়িত হয়, তবে বলিউডে তা নিঃসন্দেহে এক বড় চমক হয়ে উঠবে।

























