ওসমান হাদি আর নেই

অনলাইন ডেস্ক।।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পোস্টটিতে লেখা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’
জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার (১২ ডিসেম্বর) গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।
গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলে চিকিৎসকরা জানান। সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
বৃহস্পতিবার বিকেলে ইনকিলাব মঞ্চ জানায়, ‘ওসমান হাদি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করবার অনুমতি দেয়া হয়েছে।’
সিঙ্গাপুর থেকে হাদির মৃত্যু সম্পর্কে যা জানালেন চিকিৎসক
উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে নিয়েও বাঁচানো গেল না ইনকিলাব মঞ্চের মুখপাত্র মাথা গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে। সিঙ্গাপুরের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার শেষে সার্জনরা জানান, অপারেশন সাকসেসফুল হয়নি। রোগী মারা গেছেন।
হাদির চিকিৎসা তত্বাবধানে তার সঙ্গে যাওয়া ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এভাবে জানালেন জুলাই অভ্যুত্থানের সমুখসারির অন্যতম নেতার মৃত্যুর খবর।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাদি মারা যান।
সিঙ্গাপুর থেকে ডা. মো. আব্দুল আহাদ বলেন, বাংলাদেশ সময় বিকেল ৫টায় অপারেশনের জন্য হাদির পরিবার সম্মতি দেয়। তখন তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। অপারেশন শেষ হওয়ার পর আর আপডেট পাইনি। এরপর সরাসরি মৃত্যু ঘোষণার সংবাদ পাই।
ওসমান হাদির মরদেহ দেশে আনার বিষয়ে তিনি বলেন, মৃত্যুর সংবাদটা কেবলই পেলাম। সরকারের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত জানানো যাবে।
গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।




















