জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎসের সন্ধানে সরকার : শামা ওবায়েদ

অনলাইন ডেস্ক।।
দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন বিকল্প উৎসের সন্ধান করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রয়োজন হলে আফ্রিকা থেকেও জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানান তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, জ্বালানি সংকট সমাধানে সরকার কাজ করছে। সম্ভাব্য সব বিকল্প উৎস কাজে লাগিয়ে সংকট মোকাবিলার চেষ্টা চলছে। প্রয়োজন হলে আফ্রিকার বিভিন্ন দেশ থেকেও জ্বালানি আমদানি করা হবে।
আসন্ন জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশের অর্থনীতি ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, দেশের ভঙ্গুর অর্থনীতিকে সঠিক পথে ফিরিয়ে আনতে সময় প্রয়োজন। বর্তমান সরকার ব্যাংকিং খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করছে। পাশাপাশি দেশের বিভিন্ন খাতে গুণগত পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল বিনিয়োগ পরিবেশ তৈরি করতেও সরকার কাজ করছে। তবে এসব সংস্কার ও পরিবর্তনের সুফল পেতে আরও কিছুটা সময় প্রয়োজন।
অবৈধ অভিবাসন বন্ধে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।
শামা ওবায়েদ বলেন, আসন্ন জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা সংকট নিয়ে আলাদা একটি সেশন অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করা ছাড়া দীর্ঘদিনের এই সংকটের সমাধান করা কঠিন বলেও উল্লেখ করেন তিনি।























