ট্রাম্পের সঙ্গে সস্ত্রীক প্রধানমন্ত্রীর ছবি নিয়ে অপপ্রচারের চেষ্টা চলছে: প্রেস উইং

অনলাইন ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণের ছবি নিয়ে অপপ্রচারের অভিযোগ তুলেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। ছবিটিকে এআই-জেনারেটেড বা ম্যানিপুলেটেড দাবি করে বিতর্কিত করার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।
গতকাল শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি এআই দিয়ে তৈরি বা সম্পাদনা করা হয়েছে বলে প্রচার করা হয়। এর পরিপ্রেক্ষিতে শনিবার এক বিবৃতিতে ছবিটির বিষয়ে ব্যাখ্যা দেয় প্রধানমন্ত্রীর প্রেস উইং।
বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আগত বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত রিসেপশনে অংশগ্রহণের (প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের) একটি ছবি হোয়াইট হাউস থেকে পাঠানো হয় এবং পরবর্তীতে ছবিটি জনসাধারণের জন্য প্রকাশ করা হয়।
কিন্তু রিসেপশনের এই প্রকাশিত ছবি নিয়ে একটি পক্ষ অপপ্রচার শুরু করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, মূল ছবিটিকে মিথ্যা প্রমাণের চেষ্টা করতে এর সঙ্গে একটি এআই-জেনারেটেড ছবি যুক্ত করা হয়েছে।
প্রেস উইংয়ের বিবৃতি অনুযায়ী, এআই দিয়ে তৈরি ওই ছবিতে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে। সেখানে ট্রাম্পকে কার্ডবোর্ডের কাটআউট হিসেবে দেখানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রকাশিত ছবিটিকে মিথ্যা দাবি করে ওই এআই-জেনারেটেড ছবিটিকে সত্য হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে বলেও বিবৃতিতে বলা হয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আলবেনিয়াভিত্তিক সংবাদ ও বিশ্লেষণধর্মী গণমাধ্যম Pamfleti.net ২০২৬ সালের ২ অক্টোবর কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কথিত ছবি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে ছবিটি যাচাই করে এআই-জেনারেটেড বা ম্যানিপুলেটেড বলে উল্লেখ করা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের ভাষ্য, যে ছবিটিকে ওই প্রতিবেদনে এআই-জেনারেটেড বা ম্যানিপুলেটেড হিসেবে উল্লেখ করা হয়েছে, সেটিকেই ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের রিসেপশনে অংশগ্রহণের প্রকাশিত ছবিটিকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে।























