দেশ এগোলেই চক্রান্ত করে পেছনে ঠেলার চেষ্টা হয়

অনলাইন ডেস্ক।।
বাংলাদেশ এগিয়ে যেতে শুরু করলেই একটি মহল জাতীয় ও আন্তর্জাতিক নানা চক্রান্তের মাধ্যমে দেশকে আবার পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এসব কথা বলেন।
দেশকে অস্থিতিশীল করতে একটি মহল সক্রিয় রয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশকে নতুন করে গড়ে তোলার কাজ শুরু হয়েছে। চারদিকে দেশ পুনর্গঠনের একটি নতুন আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এমন সময়ে একটি মহল আবারও দেশকে অস্থির করে তোলার চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক।
তিনি বলেন, দেশের মানুষকে এ বিষয়ে সচেতন থাকতে হবে। অতীতেও দেখা গেছে, বাংলাদেশ যখন উন্নতি ও অগ্রগতির দিকে এগিয়ে যায়, তখনই একটি মহল জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে আবার পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা যখন একটা সংসদীয় পদ্ধতিতে সরকারে গিয়ে সংসদের মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে চাই, তখন সেই মহলটি রাজপথে নেমে একেবারে অন্যায়ভাবে তারা এই কাজটি করছেন দেশকে আবার একটা অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ যখন দেশ ধ্বংস করে দেয়, সেই ধ্বংসের পরে, ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তোলার দায়িত্বটা বিএনপির ওপরে পড়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একইভাবে ১৯৭৫ সালে সেই ধ্বংস স্তূপ থেকে দেশকে গড়ে তুলেছিলেন, একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও দেশকে গড়ে তুলেছেন, আজকে আবার এ দায়িত্বে এসে পড়েছে তাদেরই পুত্র তারেক রহমানের দিকে ওপর।’
চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় করা হবে জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, নির্বাচনের পর থেকেই প্রধানমন্ত্রী তার ‘প্ল্যান’ বাস্তবায়নে কাজ করছেন।
এর আগে সকালে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।


























