দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে ঢাকা-দিল্লির অভিন্ন অঙ্গীকার

কূটনৈতিক প্রতিবেদক।।
বাংলাদেশ ও ভারত পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করতে এবং নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগ বজায় রাখতে একমত হয়েছে। বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর নিজেই এ তথ্য জানান।
ফেসবুকে দেওয়া এক পোস্টে জয়শঙ্কর লেখেন, বিকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানানোর সুযোগ পেয়ে তিনি খুশি। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন, যিনি পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দিল্লিতে এসেছেন।
একই দিন বিকালে ড. খলিলুর রহমান ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।


























