নুসরাতের গেজেট স্থগিতের দাবি, আইনি লড়াইয়ে মনিরা

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশের বিষয়ে আপত্তি তুলেছেন একই দলের নেত্রী মনিরা শারমিন। রোববার (৩ মে) রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো এক চিঠিতে তিনি এই আবেদন জানান।
চিঠিতে মনিরা শারমিন উল্লেখ করেন, হাইকোর্টে তাঁর দায়ের করা রিট পিটিশনের শুনানি শেষ না হওয়া পর্যন্ত নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশ করা সমীচীন হবে না। অন্যথায় তিনি অপূরণীয় ক্ষতির মুখে পড়বেন বলেও চিঠিতে জানান।
মনিরা শারমিন জানান, সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পাওয়ার পরও তাঁর মনোনয়নপত্র প্রথমে বাতিল হয় এবং আপিলেও তিনি ব্যর্থ হন। এরপর তিনি হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের শুনানির দিন নির্ধারিত রয়েছে ৪ মে। তাই আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত নির্বাচন কমিশনের অপেক্ষা করা উচিত বলে তিনি মত দেন।
অন্যদিকে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র শুরুতে গ্রহণ না করা হলেও পরে আদালতের নির্দেশে তা বৈধ ঘোষণা করা হয় এবং তিনি বৈধ প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হন।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, মনিরা শারমিনের রিটের রায়ের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। আদালত তাঁর পক্ষে রায় দিলে সংশ্লিষ্ট আসনে ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে। আর রিট খারিজ হলে নুসরাত তাবাসসুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হিসেবে চূড়ান্ত বলে বিবেচিত হবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে ৪৯ জন প্রার্থী ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে এই একটি আসনকে ঘিরে আইনি জটিলতা এখনো অনিষ্পন্ন রয়ে গেছে, যা রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
























