নেতানিয়াহুকে গ্রেফতারে বাংলাদেশের পূর্ণ সমর্থন : পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চিফ প্রসিকিউটর ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির যে দাবি জানিয়েছেন, তাতে বাংলাদেশের পূর্ণ সমর্থন আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ ও সাপ্তাহিক গণবাংলা আয়োজিত ‘বিশ্ব শান্তি ও ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি স্বীকৃতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইসিসির চিফ প্রসিকিউটর নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির যে দাবি জানিয়েছেন, তা আমরা সমর্থন করি। ইসরাইলের প্রধানমন্ত্রী এখন মানবতার শত্রুতে পরিণত হয়েছেন। তিনি এতদূর গিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের কথাও শুনছেন না।
ফিলিস্তিন ইস্যুতে বিএনপি ও জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত ইসলামের জন্য মায়াকান্না করে অথচ সমগ্র বিশ্ব যখন গাজায় গণহত্যার বিরুদ্ধে সোচ্চার, তখন তারা ফিলিস্তিনের পক্ষে একটি শব্দও বলে না। আর জামায়াতের লোকরা ইসলাম-ইসলাম করে মুখে ফেনা তুলে ফেলে অথচ ইসরাইলের বিরুদ্ধে, ফিলিস্তিনে হত্যার বিরুদ্ধে টুঁ শব্দও করে না। এভাবে চুপ থেকে বিএনপি-জামায়াত ইসরায়েল ও নেতানিয়াহুর দোসরে পরিণত হয়েছে।
সভায় প্রধান আলোচক ফণপঠন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, বাংলাদেশের অবস্থান ফিলিস্তিনের পক্ষে। বাংলাদেশ ইসরাইলের নৃশংসতার জন্য সব সময় নিন্দা জানিয়ে আসছে। ইসরাইল বাংলাদেশকে স্বীকৃতি দিলেও বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছিল।
আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য লায়ন মশিউর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংসদ সদস্য আওলাদ হোসেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।




















