‘পলাতকদের কোনো সাংগঠনিক তৎপরতার সুযোগ নেই’: পানিসম্পদমন্ত্রী

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক:
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগকে কঠোর বার্তা দিয়ে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশ থেকে পালিয়ে যাওয়া অপশক্তির কোনো ধরনের সাংগঠনিক তৎপরতা চালানোর সুযোগ নেই। তবে তারা বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে দেশে অরাজকতা সৃষ্টির পাঁতারা চালাতে পারে, যা প্রতিহত করতে সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট চক্রান্তকারী ও গণবিরোধী যে গোষ্ঠী দেশ ছেড়ে পালিয়ে গেছে, দীর্ঘ ১৭ বছরের অপশাসন ও দেশবিরোধী কর্মকাণ্ডের ফলেই আজ তাদের সংগঠন চরম বিপর্যয়ে পড়ে নিষিদ্ধ হয়েছে। ফলে রাজনীতি বা সংগঠন পুনঃপ্রতিষ্ঠার কোনো সুযোগ এখন আর তাদের নেই।
বিরোধী দলগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “বর্তমান বিএনপি সরকারের বয়স মাত্র অল্প কিছুদিন। এত অল্প সময়ে দেশের সব সমস্যার রাতারাতি সমাধান সম্ভব নয়। কিন্তু বিরোধী শক্তিগুলো এখন কথায় কথায় সড়ক অবরোধ, মিছিল-মিটিং, লংমার্চ কিংবা রোডমার্চের আয়োজন করছে—যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কোনোভাবেই মানানসই নয়।”
অনুষ্ঠানে জাতীয়তাবাদী মহিলা দল ও স্থানীয় বিএনপি এবং যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





















