প্রধান বিচারপতিসহ বিতর্কিত বিচারপতিদের পদত্যাগ দাবি

অনলাইন ডেস্ক।।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিতর্কিত-দলবাজ বিচারপতিদের পদত্যাগের দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। এ সময় সুপ্রিম কোর্ট বারের কার্যনির্বাহী সদস্য মো. শফিকুল ইসলাম ও ফাতিমা আক্তার উপস্থিত ছিলেন।
আগামী রোববারের মধ্যে সুপ্রিম কোর্ট খুলে দিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগ দাবি করেছেন, আমরা এই দাবির সঙ্গে একমত। আজকের মধ্যে তাদের পদত্যাগ করতে হবে।
তিনি আরও বলেন, যেসব বিচারপতি সততা ও সাহসিকতার সঙ্গে বিচারকাজ পরিচালনা করেছেন, তাদের ভয় নেই।
সাংবাদিদের এক প্রশ্নে তিনি বলেন, আমরা একজন সৎ, সাহসী ও যোগ্য মানুষকে অ্যাটর্নি জেনারেল হিসেবে দেখতে চাই। যিনি সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবে নয়, রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন।
গত সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তার সরকারের আমলে বড় বড় পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আবার অনেকেই স্বেচ্ছায় পদত্যাগ করছেন।
এরই ধারাবাহিকতায় বুধবার (৭ আগস্ট) পদত্যাগ করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এস কে) মোরসেদও পদত্যাগ করেছেন।
এদিকে আজ বৃহস্পতিবার পদত্যাগ করেছেন আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। অ্যাটর্নি জেনারেল অফিসে তিনি পদত্যাগপত্র জমা দেন।

























