বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়াতে আগ্রহী চীন

অনলাইন ডেস্ক।।
বাংলাদেশ ও চীনের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমিয়ে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়াতে চীন আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (১৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘লং লাইভ বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি এ তথ্য জানান।
বাংলাদেশ ও চীনের ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে বাংলাদেশ-চীন মৈত্রী সমিতি এ সেমিনারের আয়োজন করে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা, আঞ্চলিক ভূরাজনীতি এবং বৈশ্বিক রাজনীতির বড় একটি অংশ অর্থনীতিকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চীন বর্তমানে বিশেষ গুরুত্ব বহন করছে। ফলে বাংলাদেশের অর্থনীতি ও বাণিজ্যেও চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, অর্থনৈতিক ও বাণিজ্যিক বাস্তবতার কারণে বাংলাদেশের জন্য চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বাংলাদেশেরও চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আন্তরিক আগ্রহ রয়েছে।
জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার কৌশলগত লক্ষ্যে চীন গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। কারণ, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে সহায়তা করার মতো সক্ষমতা চীনের রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যকার বাণিজ্যের পরিমাণ প্রায় ২০ বিলিয়ন ডলার। তবে এই বাণিজ্যের বড় অংশই চীন থেকে বাংলাদেশের আমদানিনির্ভর। বিপরীতে বাংলাদেশ চীনের বাজারে এক বিলিয়ন ডলারের পণ্যও রপ্তানি করতে পারছে না। ফলে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

























