বিশ্ব বদলাতে সব জাতিকে একসাথে কাজ করতে হবে

বিশ্বব্যাপী পরিবর্তন আনতে সব জাতিকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “বিশ্ব ধ্বংসের মুখোমুখি হবার আগেই সঠিক পথ বেছে নিতে হবে। শুধু বিষণ্নতা নয়, একটি সুন্দর বিশ্ব গড়ার স্বপ্ন দেখতে হবে।”
শুক্রবার সকালে সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে দুদিনব্যাপী ১৫তম সোশ্যাল বিজনেস ডে-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ড. ইউনূস বলেন, “সোশ্যাল বিজনেস ডে হচ্ছে আমাদের জন্য একটি পারিবারিক পুনর্মিলনের মতো। বিগত সরকারের আপত্তির কারণে এই দিবস পালন সম্ভব হয়নি। এবার ৫ আগস্টের পর এই প্রথম বাংলাদেশে দিবসটি উদযাপন করতে পারলাম।”
আরও পড়ুন…
বাগেরহাটে বিদেশি অস্ত্রসহ মাইক্রোবাস থেকে ১১ জন গ্রেপ্তার
যমুনা সেতুর প্রস্থ বাড়াতে রেলপথ অপসারণের কাজ শুরু
অনুষ্ঠানে জানানো হয়, এবারের প্রতিপাদ্য— “সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সবচেয়ে কার্যকর পথ হলো সামাজিক ব্যবসা।” ইউনূস বলেন, “বিশ্বব্যাপী স্বাস্থ্য, শিক্ষা ও জীবনমানের ক্ষেত্রে যে বৈষম্য ও সীমাবদ্ধতা রয়েছে, তা দূর করতে হলে সামাজিক ব্যবসার বিকল্প নেই।”
শিক্ষা প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “স্বপ্ন দেখানোই হওয়া উচিত শিক্ষাব্যবস্থার প্রধান লক্ষ্য। কারণ, স্বপ্ন ছাড়া বাস্তবায়ন সম্ভব নয়।” তিনি উল্লেখ করেন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় নতুন সভ্যতা গঠনে সহায়ক ভূমিকা রাখবে।
তার ভাষায়, “আমরা একটি বিষণ্ন বিশ্ব গড়তে চাই না। আমরা একটি সুন্দর, মানবিক ও ন্যায়ভিত্তিক বিশ্ব গড়তে চাই, যেখানে টেকসই উন্নয়ন সম্ভব হবে।”
দুদিনব্যাপী এই আয়োজনে ২৫টিরও বেশি দেশ থেকে ১৮০ জনেরও বেশি বিদেশি প্রতিনিধিসহ মোট সহস্রাধিক অংশগ্রহণকারী যোগ দিয়েছেন। কর্মসূচির মধ্যে রয়েছে পাঁচটি পূর্ণাঙ্গ অধিবেশন এবং আটটি ব্রেকআউট সেশন, যেখানে বৈশ্বিক সংকট মোকাবেলায় সামাজিক ব্যবসার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
























