ভারতের সঙ্গে নতুন কার্যকর সম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক।।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করতে কূটনৈতিক চ্যানেলে আলোচনা অব্যাহত রয়েছে। ভারতের সঙ্গে নতুন কার্যকর সম্পর্ক চায় বাংলাদেশ।’
আজ সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এ অংশ নেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ রয়েছে, বাংলাদেশ সেগুলো সংলাপ ও কূটনৈতিক সম্পৃক্ততার মাধ্যমে ইতিবাচকভাবে সমাধান করতে চায়।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতের যেহেতু ডায়লগ এবং এনগেজমেন্ট আছে, আমরা ইতিবাচকভাবে এসব চ্যালেঞ্জের সমাধানে যেতে পারব। আমি নিশ্চিত, এর একটি ফলাফল আমরা পাব
আগামী অক্টোবরে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে সরকার কাজ করছে। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ও ইতোমধ্যে নেওয়া পদক্ষেপ যথাসময়ে স্পষ্ট হবে ।
নভেম্বরে প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন—ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশের খবর বাংলাদেশ থেকেই নিতে হবে। প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে আমি এ বিষয়ে ব্রিফিং করব এবং সাংবাদিকরা সবার আগে বিষয়টি জানতে পারবেন।’
প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের সময় সম্পর্কে কোনো ইঙ্গিত আছে কি না-এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যেটা বাংলাদেশের জন্য ভালো, সেটাই হবে। যেটা বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য ভালো, আমরা সেটাতেই যাব।’


























