মাকে দেখতে দেশে আসতে না পারার ব্যাখ্যা দিলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক।।
গুরুতর অসুস্থ অবস্থায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন। তার সুস্থতার জন্য সারাদেশে দোয়া চলছে। প্রধান উপদেষ্টাও তার দ্রুত আরোগ্য কামনা করে সর্বাত্মক চিকিৎসা-সহায়তার আশ্বাস দিয়েছেন।
এই পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা চলছ। বিভিন্ন সূত্র বলছে,দ্রুতই তিনি মাকে দেখতে দেশে ফিরছেন। তবে আজ ২৯ নভেম্বর সকাল ৮টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ বিষয়ে স্পষ্ট করেছেন।
তারেক রহমান লিখেছেন,
‘এমন সংকটময় সময়ে মায়ের কাছে ছুটে যাওয়ার প্রবল আকাঙ্ক্ষা আমারও আছে, যেমনটি স্বাভাবিকভাবে যে কোনো সন্তানেরই থাকে। কিন্তু বাস্তবতার কারণে আমার দেশে ফেরার বিষয়টি একক সিদ্ধান্তে সম্ভব নয় এবং আমার একচ্ছত্র নিয়ন্ত্রণাধীনও নয়। এ বিষয়ে বিস্তারিত বলারও সীমাবদ্ধতা রয়েছে। তবে রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে আসলেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে— এমনটাই আমাদের পরিবারের আশা।’
নিজের পোস্টে মায়ের চিকিৎসায় সহায়তা ও দোয়ার জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি লিখেছেন,
‘দেশি-বিদেশি চিকিৎসকরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে মা’কে সেবা দিচ্ছেন। বন্ধুত্বপূর্ণ কয়েকটি দেশ থেকেও উন্নত চিকিৎসা সুবিধাসহ সম্ভাব্য সব ধরনের সহযোগিতার ইচ্ছা প্রকাশ করা হয়েছে।’
তিনি আরও যোগ করেন,
‘সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসী যে দোয়া, ভালোবাসা এবং সমর্থন দেখিয়ে আসছেন— জিয়া পরিবারের পক্ষ থেকে সবার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। মা’র দ্রুত সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখার অনুরোধ করছি।’
এদিকে ঢাকসুর সিনেট সদস্য, নব্বইয়ের ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নসরুল্লাহ খান জুনায়েদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে জানান, আমরা যতটুকু জানতে পেরেছি নেতা দ্রুততম সময়ের মধ্যে দেশে যাচ্ছেন, দ্রুতই মাকে দেখতে দেশে যাচ্ছেন, এটি নিশ্চিত। আমাদের সবার মনে রাখা উচিত, আমাদের সবার চেয়ে উনার মাকে উনিই সবচেয়ে বেশি ভালবাসেন।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে মেডিক্যাল বোর্ডের পরামর্শক্রমে এয়ারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। রাতেই মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার ফুসফুসে (চেস্ট) ইনফেকশন হয়েছে। সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।























