মেয়াদোত্তীর্ণ ইউপিতে বসবে প্রশাসক, ইউপি সচিবরা হবেন প্রশাসনিক কর্মকর্তা

পৌরসভা ও জেলা পরিষদের মতো মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদেও (ইউপি) প্রশাসক বসানো হবে। এমন বিধান রেখে ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া জনপ্রতিনিধিরা শুধু দায়িত্ব পালনকালীন সময়ের জন্য ভাতা পাবেন। সোমবার (৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগে নির্বাচিত হওয়ার ৩০ দিনের মধ্যে কার্যভার গ্রহণ করতেন, এখন শপথের ১০ কার্যদিবসের মধ্যে দায়িত্ব গ্রহণ ও প্রথম সভা করতে হবে। আর ইউপি সচিবের পদ এখন থেকে প্রশাসনিক কর্মকর্তা হবে।
বৈঠকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সংশোধনী আইনেরও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। সচিব মাহবুব হোসেন বলেন, সিটি কর্পোরেশনের সচিব পদ এখন থেকে নির্বাহী কর্মকর্তা হবে। মেয়র ও কাউন্সিলররা বছরে তিন মাস ছুটি কাটাতে পারতেন, সংশোধিত আইন অনুযায়ী এখন এক মাসের ছুটি পাবেন। সচিব বলেন, কোনো কারণে কাউন্সিলর পদ শূন্য হলে সংরক্ষিত আসনের ওয়ার্ড কাউন্সিল দায়িত্ব পালন করবেন। আগে পাশের কাউন্সিল দায়িত্ব নিতেন। আগে ছয় মাসের মধ্যে শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠানের বিধান ছিলো, এখন ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। ব্যক্তি মালিকানা রাস্তা মেরামত বা পরিস্কার পরিচ্ছন্ন না রাখলে, রাস্তা মেরামত না করলে সিটি কর্পোরেশন জরিমানা করতে পারবে।


















