শরীয়তপুরের ডিসির ব্যক্তিগত ভিডিও ফাঁস: প্রশাসনে তোলপাড়

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনকে ঘিরে সামাজিক মাধ্যমে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে। এক নারীসহ তার একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে, যা ঘিরে জেলার সর্বত্র চলছে আলোচনা-সমালোচনা।
ভিডিওটি প্রথম শেয়ার করেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর। শুক্রবার (২০ জুন) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি এবং ভিডিওর লিংক পোস্ট করেন তিনি। সেখানে দাবি করা হয়, ভিডিওতে থাকা পুরুষই জেলা প্রশাসক আশরাফ উদ্দিন।
ফেসবুক ক্যাপশনে তিনি লেখেন,
“সরকারি দায়িত্বশীল এক ব্যক্তি হিসেবে উনি যেভাবে ছবি ও ভিডিও তুলেছেন তা প্রশ্নবিদ্ধ। মেয়েটিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।”
পোস্টের সঙ্গে টেলিগ্রাম চ্যানেলের লিংকও শেয়ার করা হয়।
ভিডিওটির দৈর্ঘ্য ৫৭ সেকেন্ড, যেখানে দেখা যায়, শার্টের বোতাম খোলা অবস্থায় এক নারীকে কোলে নিয়ে ঘনিষ্ঠ আচরণ করছেন এক ব্যক্তি, যাকে সাংবাদিক নির্ঝর জেলা প্রশাসক বলে দাবি করেছেন। ভিডিও কলের মাধ্যমে আরও কিছু আপত্তিকর মুহূর্তও দেখা গেছে।
জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, মোহাম্মদ আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরে জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং এর আগে নিউরো ডেভেলপমেন্ট ট্রাস্টে পরিচালকের দায়িত্বে ছিলেন।
এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে জেলার ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর আহ্বায়ক ইমরান আল নাজির বলেন,
“প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ কাম্য নয়। বিষয়টি প্রশাসনিক নৈতিকতা ও জনআস্থার ওপর বড় আঘাত।”
তবে ভিডিওতে থাকা নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে জানতে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি বা কোনও মন্তব্য দেননি।




















