শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শনিবার (৩০ মে)। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সৈনিকের হাতে তিনি নিহত হন।
জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৫৫ সালে পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশন লাভের পর সামরিক জীবনে তিনি অসামান্য কৃতিত্ব দেখান। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে বীরত্বের জন্য পাকিস্তান সরকার তাকে হিলাল-ই-জুরাত খেতাবে ভূষিত করে।
১৯৭১ সালে মেজর পদমর্যাদায় ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর গণহত্যার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন তিনি। ২৬ ও ২৭ মার্চ চট্টগ্রামের কলুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন এবং হানাদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে জাতিকে আহ্বান জানান। মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার ও পরে ‘জেড ফোর্স’-এর অধিনায়ক হিসেবে সরাসরি রণাঙ্গনে যুদ্ধ পরিচালনা করেন। অসীম সাহসিকতার জন্য তাকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করা হয়।
১৯৭৭ সালের ২১ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জিয়াউর রহমান। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন, বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন, খাল খনন কর্মসূচি, কৃষি ও রপ্তানি খাতের উন্নয়নসহ দেশে আর্থ-সামাজিক পরিবর্তনে অভূতপূর্ব ভূমিকা রাখেন তিনি। দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে গঠিত সার্ক প্রতিষ্ঠারও স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি।
দিবসটি উপলক্ষে বিএনপি ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আজ ভোর ৬টায় সারা দেশে দলীয় কার্যালয়ে পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতীয় নেতৃবৃন্দ শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করবেন। এ ছাড়া দোয়া মাহফিল, আলোচনা সভা এবং দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিও পালন করা হবে। পরদিন ৩১ মে রোববার বেলা ২টায় ঢাকার রমনায় আইইবি মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান বর্তমানে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।



















