সন্ত্রাস দমনে সরকারকে কঠোর হতে হবে : আমীর খসরু

অনলাইন ডেস্ক।।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে সন্ত্রাস দমনে সরকারকে আরও কঠোর ভূমিকা নিতে হবে। তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কারও মধ্যে কোনো সংশয় নেই। সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বুধবার (১২ নভেম্বর) ঢাকায় ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, নির্বাচনটা যাতে সফলভাবে হয়, সেদিকেই ইইউ’র মনোযোগ বেশি। এই মুহূর্তে তাদের মূল লক্ষ্য হচ্ছে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা। তারা চায় দেশে গণতান্ত্রিক পদ্ধতি ফিরে আসুক।
এর আগে রাজধানীর গুলশানস্থ চেয়ারপারসন কার্যালয়ে বিএনপি ও ইইউ প্রতিনিধিদের মধ্যে বৈঠক শুরু হয়। বিএনপির পক্ষে বৈঠকের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জুলাই সনদের আইনে স্বীকৃতি ছাড়া নির্বাচন নয়— জামায়াত নেতার এমন বক্তব্য প্রসঙ্গে আমীর খসরু বলেন, ইতিমধ্যে আলোচনা হয়েছে, ঐক্যমত হয়েছে, সনদ সই হয়েছে। এরপরও কী বাকি আছে, তা আমাদের জানা নেই। আলোচনা, ঐক্যমত ও সনদ সইয়ের পরে আর কিছু থাকার কথা নয়।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইইউ’র সঙ্গে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে আমীর খসরু বলেন, আইনশৃঙ্খলা বিষয়ে সবারই উদ্বেগ আছে, আমাদেরও আছে। আমরা আশা করি আইনশৃঙ্খলা বাহিনী আরও দৃঢ় ও কঠোর অবস্থানে থাকবে।
আওয়ামী লীগের চলমান কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ এখন নির্বাচনের দৌড়ে নেই, দেশেও নেই, এমনকি নেত্রীও নেই। সুতরাং এটা আলোচনার বিষয় হতে পারে না। এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড যে কেউ করতে পারে। সন্ত্রাস দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

























