সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক।।
সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, নিবন্ধন এবং মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান যুক্ত করে প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ সংশোধনের উদ্যোগ নিচ্ছে সরকার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান এ পরিকল্পনার কথা জানান। স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিনের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার।
প্রস্তাবিত সংশোধনীতে বার কাউন্সিলের আদলে সাংবাদিকদের নিবন্ধন এবং প্রকৃত সাংবাদিকদের অনলাইন ডেটাবেইস তৈরির ক্ষমতা প্রেস কাউন্সিলকে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মান, স্বীকৃতি ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের দায়িত্বও পেতে পারে প্রতিষ্ঠানটি।
তথ্যমন্ত্রী জানান, আচরণবিধি লঙ্ঘনকারী সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে জরিমানাসহ সুনির্দিষ্ট শাস্তির বিধান যুক্ত করার প্রস্তাব রয়েছে। এর আওতায় মিথ্যা ও হয়রানিমূলক প্রতিবেদন এবং সাংবাদিকতার নীতিমালা ও জনস্বার্থবিরোধী সংবাদ প্রকাশের বিষয়গুলো বিবেচনা করা হবে।
এ ছাড়া আচরণবিধি লঙ্ঘন, জনস্বার্থ ক্ষুণ্ন, গুজব, ভুয়া খবর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের ঘটনায় সংশ্লিষ্ট সংবাদমাধ্যম, সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে নিজ উদ্যোগে তদন্ত এবং প্রয়োজনীয় আদেশ দেওয়ার ক্ষমতাও পেতে পারে প্রেস কাউন্সিল।
আরও পড়ুন
সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী
ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বিজিবির গাড়ি ভাঙচুর
মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ
অন্যদিকে, বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ডিআরইউ, বিএফইউজে ও ডিইউজেসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে সরকার নিয়মিত আলোচনা করছে।
এসব সংগঠনের পরামর্শের ভিত্তিতে প্রকৃত সাংবাদিকদের ডেটাবেইস তৈরির পরিকল্পনা রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কাকে সাংবাদিক হিসেবে বিবেচনা করা হবে, সে বিষয়ে মানদণ্ড প্রস্তাবের উপযুক্ত পক্ষ সাংবাদিক সংগঠনগুলো।
তিনি আরও বলেন, কে কোন পেশায় প্রবেশ করবেন বা মানুষ কীভাবে মতপ্রকাশ করবেন, তা নির্ধারণ করা সরকারের জন্য সমীচীন নয়। সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী এবং একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য প্রচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

























