সাইবার নিরাপত্তা এখন সীমান্ত পাহারার চেয়েও গুরুত্বপূর্ণ

অনলাইন ডেস্ক।।
বর্তমান বিশ্বে নিরাপত্তার ধারণা দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তিনির্ভর এই সময়ে হাজার মাইলের সীমান্ত পাহারা দেওয়ার চেয়েও সাইবার নিরাপত্তা অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (১ জুলাই) সকালে রাজধানীর খিলগাঁওয়ে আনসার সদর দপ্তরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব অনলাইন মিডিয়া ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আধুনিক বিশ্বে যুদ্ধ, নিরাপত্তা ও প্রতিরক্ষার বিষয়টি শুধু সীমান্ত রক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। তথ্যপ্রযুক্তির যুগে তথ্যের নিরাপত্তা, তথ্য ব্যবস্থাপনা এবং সঠিক তথ্য দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
তিনি আরও জানান, দেশের জনগণের কাছে নির্ভুল ও বিশ্বাসযোগ্য তথ্য পৌঁছে দিতে সরকার তথ্য ব্যবস্থাপনায় একটি দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে।
এ সময় সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের মানুষকে গুজব ও তথ্য বিভ্রান্তি হাত থেকে রক্ষা জরুরি।
এ বিষয়ে আনসার ভিডিপির অনলাইন মিডিয়া ‘প্রান্তিক কণ্ঠস্বর’ ভুমিকা রাখবে উল্লেখ করেন তিনি।













