দৈনিক পদ্মা সংবাদ।
চোরচক্র যেন কোনো নিয়ম-কানুন মানছে না। ধর্ম, বয়স কিংবা রাত-দিন—কোনো কিছুই তাদের অপরাধ কর্মকাণ্ডের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে না। জেলার বিভিন্ন এলাকায় দিন-দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা বেড়েই চলেছে। এতে করে সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
চুয়াডাঙ্গা জেলা সহ বিভিন্ন স্থানে একের পর এক চুরির ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। গতকাল ৭ মে ভোর আনুমানিক ৬টার দিকে রাবিত ক্রোকারিজ নামের একটি প্রতিষ্ঠানে তালা ভেঙে নগদ অর্থ নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, সকালে দোকান খুলতে এসে মালিক দেখতে পান দোকানের তালা ভাঙা এবং ভেতরে থাকা নগদ অর্থ উধাও। পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।
এদিকে, দোকানের আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানা গেছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন :দর্শনা রেল বাজারে রাবিত কুকারিজে তালা ভেঙে চুরি, ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক

সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে স্থানীয় সচেতন মহল বলছেন, সন্দেহভাজন কোনো ব্যক্তি বা চক্রের গতিবিধি চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। কারণ, সংঘবদ্ধ এই চোরচক্র দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।