দামুড়হুদায় ৪০ নারীর হাতে সেলাই মেশিন, কর্মসংস্থানের নতুন সুযোগ

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক।।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নারীদের স্বাবলম্বী করতে ৪০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার বিকেল ৩টায় উপজেলা সম্মেলন কক্ষে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
২০২৫–২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) উপজেলা উন্নয়ন সহায়তার অতিরিক্ত বরাদ্দের আওতায় এসব মেশিন দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন।
রুহুল আমিন বলেন, সেলাই মেশিন পেয়ে নারীরা ঘরে বসেই আয় করতে পারবেন। পাশাপাশি অন্য নারীদের প্রশিক্ষণ দিয়ে তাদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।
তিনি বলেন, পিছিয়ে থাকা মানুষকে এগিয়ে নিতে সরকারের বিভিন্ন উদ্যোগ রয়েছে। এসব সুযোগ কাজে লাগিয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে নারীদের নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে।
অনুষ্ঠানে জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, বিএনপির দামুড়হুদা উপজেলা সেক্রেটারি রফিকুল হাসান তনুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন গ্রামের নির্বাচিত নারী উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।





















