দর্শনায় কাঁচামাল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগে অপমৃত্যু মামলা

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
দর্শনা আজমপুর মাঠপাড়ায় উজ্জ্বল হোসেন (৩৬) নামের এক কাঁচামাল ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত রোববার রাতে নিজ ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল হোসেন দর্শনা রেলবাজারের একজন কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। তিনি দর্শনা ইসলাম বাজার এলাকার মৃত নাসিমের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে আজমপুর মাঠপাড়ার ভাড়া বাসায় কোনো একসময়ে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় এবং তাদের করা আবেদনের ভিত্তিতে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পরে বাদ আসর জানাজা শেষে স্থানীয় আজমপুর গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।



















