দর্শনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবকের গলায় ছুরি ঠেকিয়ে মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগ

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গার দর্শনায় ডেকে নিয়ে এক যুবকের গলায় ধারালো ছুরি ঠেকিয়ে মোবাইল ফোন ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী যুবকের বাবা মো. সলেমান মিয়া বাদী হয়ে দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন দর্শনার কেরুজ পুরাতন স্কুলপাড়ার সিরাজের ছেলে সোহেল (৩৮), একই ওয়ার্ডের আজমপুর ছ-মিলপাড়ার অমরেশের ছেলে সম্রাট (২৪)।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর মঙ্গলবার রাত ১০টার দিকে ১ নম্বর বিবাদী সোহেল মোবাইল ফোনের মাধ্যমে সলেমান মিয়ার ছেলে এনামুল হক অলককে (২২) আজমপুর ভাইভাই গার্মেন্টসের বাড়ির সামনে ডেকে নেন। পরে অলক সেখানে পৌঁছালে সোহেল তাঁর হাতে থাকা একটি বড় ছুরি অলকের গলায় ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁর কাছে থাকা ওয়ালটন কোম্পানির ‘Xanon X21’ মডেলের একটি স্মার্টফোন (আইএমইআই নম্বর: ৩৫৮২৭৮৮১০০৬৫৮৭০ ও ৩৫৮২৭৮৮১০০৬৫৮৮৮) জোরপূর্বক ছিনিয়ে নেন।
এ সময় বিষয়টি কাউকে জানালে বা কোনো আইনগত পদক্ষেপ নিলে পরিবারসহ বড় ধরনের ক্ষতি করার হুমকি দিয়ে তাকে তাড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।।


















